Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩, ২০২৬ , ৫:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৬ , ৩:৫৮ অপরাহ্ণ

আলীকদমে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, বিপাকে সাধারণ মানুষ

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি (LPG) গ্যাসের বাজারে চরম নৈরাজ্য ও বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক সরকার নির্ধারিত মূল্য তালিকা থাকলেও, বাস্তব বাজারে সেই দামে মিলছে না ১২ কেজির এলপিজি সিলিন্ডার। উপজেলার বিভিন্ন খুচরা বাজারে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৮৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।

সরকার নির্ধারিত দাম বনাম বাজারের বাস্তবচিত্র: সেপ্টেম্বর মাসের চলতি সময়ে বিইআরসি নির্ধারিত ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৫৮৫ টাকা। অথচ আলীকদম উপজেলার বিভিন্ন বাজার গুলোর খুচরা দোকানে তা প্রকাশ্যেই ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন খরচ ও সরবরাহ সংকট দেখিয়ে ডিলাররা তাদের বেশি দাম রাখতে বাধ্য করছেন। যার পুরো চাপ এসে পড়ছে সাধারণ ক্রেতার ওপর।

ভোক্তাদের ক্ষোভ ও দুর্ভোগ: উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান,পাহাড়ি জনপদ হওয়ায় এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেশি থাকে। তবে রান্নার মতো অতি জরুরি জ্বালানির বাজারে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করে গ্যাস কিনছেন।

প্রশাসনের নজরদারির দাবি: অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফা লোটার প্রবণতা বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে সরকারি মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন