Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২, ২০২৬ , ৩:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০২৬ , ১:১৫ অপরাহ্ণ

কৃষকদের জন্য পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চালু করা হবে ‘ওয়ানস্টপ সার্ভিস’। এ সেবার মাধ্যমে মাটি, বীজ, সার, কীটনাশকের সঠিক ব্যবহার ও জৈব সার ব্যবহারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের কাছ থেকে সরাসরি পরামর্শ পাবেন কৃষকরা।

কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

তিনি বলেন, ‘কৃষকরা দেশের প্রাণ। কৃষক স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশও স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলে কৃষকবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।’

ভাইস-চ্যান্সেলর জানান, কৃষকদের মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে মাটি ও বীজ নির্বাচন, সার ও কীটনাশক প্রয়োগের সঠিক মাত্রা এবং জৈব সার ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রত্যেক কৃষককে পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপপরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রিন্ট করুন