Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ , ৭:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ

বিদ্যালয়ের ছাদ ধসে ঝুঁকিতে শিক্ষার্থীরা, নতুন ভবন নির্মাণের দাবি

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার ও কংক্রিট খসে পড়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ূন কবির জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দেওয়া আবেদনে জানান, বিদ্যালয় ভবনের ছাদের প্রায় ৬৭ শতাংশ প্লাস্টার ও কংক্রিট ভেঙে পড়েছে। বুধবার সকালে পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে।

প্রধান শিক্ষক বলেন, ছাদ ধসে পড়ার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বিদ্যালয়ের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী এলাকায় অবস্থিত। বর্তমানে জরাজীর্ণ ভবনেই বিদ্যালয়ের কার্যক্রম চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের আবেদন পাওয়ার পর বুধবারই বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাদের একটি অংশ ভেঙে পড়ার বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছেন। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন