নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জেরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা। এতে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এর আগে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছিল। তবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বদলগাছীতে একটি বাস গেলে এর চালককে মারধর করা হয় বলে দাবি করেন বাসশ্রমিকেরা।
জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করেন সিএনজিচালকেরা।
গুরুতর অবস্থায় রুবেলকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
এই ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু করেন বাসশ্রমিকেরা।
বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারে না। কিন্তু নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনে চলাচল করতে তাঁদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, সময়ও বেশি লাগছে।
যাত্রী সবুজ হোসেন জানান, স্ত্রীর চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পথে বাসস্ট্যান্ডে এসে বাস বন্ধ থাকার কথা জানতে পারেন। তিনি বলেন, ‘এখন এত দূরের পথ কীভাবে যাব বুঝতে পারছি না। সিএনজি কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছে।’
পোরশা থেকে আদালতে হাজিরা দিতে আসা যাত্রী তারিক হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বাস চলাচল বন্ধ থাকার কথা জানতে পারেন। আদালতে হাজিরা দিতে তাঁকে তিন দফায় বিকল্প যানবাহন ব্যবহার করে আসতে হয়েছে। এতে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি ভাড়া লেগেছে। সময়ও নষ্ট হয়েছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার পর যেসব সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো তাঁদের লিখিতভাবে দেওয়া হয়নি। এ কারণে সাধারণ শ্রমিকেরা আশ্বস্ত হতে পারছেন না। সিদ্ধান্তগুলো লিখিতভাবে দেওয়া হলে আজ থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে, দ্রুতই বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজকালের কন্ঠ/আর বি