Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ

ঘোড়াঘাটে ৩৬ পূজা মণ্ডপে দুর্গোৎসব, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

লেখকঃ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবার ৩৬টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবকে ঘিরে এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও কারিগররা।

উপজেলা সূত্রে জানা গেছে, ঘোড়াঘাটের ৩ নং সিংড়া ইউনিয়নে ১৫টি, ১ নং বুলাকীপুর ইউনিয়নে ৬টি, ২ নং পালশা ইউনিয়নে ৪টি এবং ঘোড়াঘাট পৌরসভায় ১১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। উৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সরেজমিনে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কারিগরদের যেন দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার শরীরে মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ করছেন সূক্ষ্ম কারুকাজ। আবার কেউ ব্যস্ত দেব-দেবীর মুখাবয়ব, চোখ, চুল ও অলংকারের নিখুঁত কাজ ফুটিয়ে তুলতে।

খড়, বাঁশ ও মাটি দিয়ে তৈরি কাঠামোর ওপর রং-তুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছেন দেবী দুর্গা ও তাঁর পরিবারের সদস্যরা। কোনো কোনো মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে রং, সাজসজ্জা ও শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ।

প্রতিমাশিল্পীরা জানান, প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা প্রস্তুত করে মণ্ডপে স্থাপন করতে হবে। তাই শেষ সময়ে কাজের চাপ বেড়ে গেছে।

এদিকে পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে চলছে সাজসজ্জার প্রস্তুতি। কোথাও তৈরি করা হচ্ছে আলোকসজ্জা, কোথাও চলছে মণ্ডপসজ্জার কাজ। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা ও উৎসবের আমেজ।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি তাদের কাছে মিলন ও আনন্দেরও উপলক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের জন্য তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন