Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৯:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৬:৫৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, প্রচার-প্রচারণা এবং সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষকে মানব পাচারের বিভিন্ন কৌশল ও ঝুঁকি সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ প্রোগ্রামের আওতায় ‘EngageNow’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ধারাবাহিকতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বদেশ সংস্থার পক্ষে প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন