ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকর কৃষি কৌশলের মাধ্যমে পানি সাশ্রয়ী ধান চাষের ওপর ২৫ কৃষককে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (এডব্লিউডি) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল মোহেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভেজা-শুকনা (এডব্লিউডি) পদ্ধতিতে ধান চাষ, পানি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি