কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপর ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার দীর্ঘ সেতু এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে।
২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। মূল সেতুর নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ রয়েছে।
স্থানীয়দের দাবি, সংযোগ সড়ক না থাকায় চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের অন্তত আটটি গ্রামের কয়েক হাজার মানুষকে বিকল্প পথে প্রায় তিন কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও দুর্ভোগ দুটিই বাড়ছে।
স্থানীয়রা সেতু নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ঠিকাদার মোকছেদুল হক জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করা হবে।
রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঠিকাদারকে এখনো পুরো বিল পরিশোধ করা হয়নি। চলতি মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ না হলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়েও চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।
আজকালের কন্ঠ/আর বি