Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৯:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ৪:৩৮ অপরাহ্ণ

ভারতের চতুর্থ ধনী অভিনেতা হৃত্বিক

লেখকঃ বিনোদন ডেস্ক

একসময় পরিবারের বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের পরিবারের। সেই অর্থকষ্টের দিন পেরিয়ে বর্তমানে ভারতের ধনী অভিনেতাদের তালিকায় তার নাম উঠে এসেছে।

Hurun India Rich List 2026-এর তথ্য অনুযায়ী, হৃত্বিক রোশনের আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড HRX থেকে আয় তার সম্পদের অন্যতম উৎস।

হৃত্বিকের পরিবারের আর্থিক সংকট শুরু হয় ১৯৯৭ সালে ‘কয়লা’ সিনেমার পর। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা রাকেশ রোশন। পুরোনো এক সাক্ষাৎকারে হৃত্বিক জানিয়েছিলেন, সিনেমাটির পর তার বাবা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। সে সময় বাবাকে কাঁদতেও দেখেছিলেন তিনি।

২০০৬ সালে সিমি গারেওয়ালের অনুষ্ঠানে নিজের শৈশবের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন হৃত্বিক। তিনি জানান, একপর্যায়ে পরিবারের বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না। পরিস্থিতির কারণে তার মা পিঙ্কি রোশন হৃত্বিক ও তার বোনকে নানাবাড়িতে নিয়ে যান। অন্যদিকে রাকেশ রোশন তখন তার মায়ের সঙ্গে থাকতেন।

পরে পরিবার একটি বাড়িতে উঠলেও শুরুতে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রও ছিল না। হৃত্বিকের ভাষ্য অনুযায়ী, বাড়িটিতে তখন মূলত দেয়াল ও মেঝে ছাড়া তেমন কিছুই ছিল না। পরিবারের সদস্যরা মেঝেতে চাটাই বিছিয়ে ঘুমাতেন। ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিসপত্র যোগ হতে থাকে সেই বাড়িতে।

এরপর ছেলেকে বলিউডে নায়ক হিসেবে অভিষেক করানোর সিদ্ধান্ত নেন রাকেশ রোশন। ২০০০ সালে মুক্তি পায় হৃত্বিকের প্রথম সিনেমা ‘কাহো না… পেয়ার হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। সিনেমাটি বড় সাফল্য পাওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন হৃত্বিক।

ছেলের অভিষেকের জন্য রাকেশ রোশনও বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় সিনেমাটি শেষ করতে বাড়ি ও গাড়ি বন্ধক রাখতে হয়েছিল। সিনেমাটি সফল না হলে তাকে আরও বড় আর্থিক সংকটের মুখে পড়তে হতো বলেও তিনি জানিয়েছিলেন।

‘কাহো না… পেয়ার হ্যায়’-এর সাফল্যের পর হৃত্বিক একের পর এক সফল সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হন তিনি। তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড HRX পরবর্তী সময়ে তার ব্যবসায়িক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন