জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. শাহরিয়া আল রশিদ রোকন। তিনি বর্তমানে টংগী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) মো. জাহাঙ্গীর শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁর গবেষণাকর্ম চূড়ান্তভাবে অনুমোদনের পর এই ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ড. শাহরিয়া আল রশিদ জাবির কলা ও মানবিকী অনুষদের অধীন বাংলা বিভাগ থেকে লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা করে এই উচ্চতর ডিগ্রি লাভ করেন। তাঁর এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
শিক্ষাজীবন শেষে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া ড. শাহরিয়া আল রশিদ এর আগে নরসিংদীর শিবপুরে অবস্থিত সরকারি শহীদ আসাদ কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। দৈনিক মানবজমিন, বিশ্ববিদ্যালয় করিডোরসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর বহু গবেষণাধর্মী লেখা এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের সাছিয়ামারা গ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষক দম্পতি মো. শামসু উদ্দিন ও নিলুফার ইয়াছমীনের সুপুত্র। কৃতিত্বপূর্ণ এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।