Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৯:২৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৭:৩৭ অপরাহ্ণ

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

‘পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৩০টি সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমস চত্বরে গিয়ে শেষ হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।

পরে পর্যটন ইয়ুথ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম এম মোশাররফ হোসেন।

সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, প্রেসিডেন্স পার্কের চেয়ারম্যান ফারুক মীর, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টোয়াকের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের ফিন্যান্স সেক্রেটারি রাসেল খানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা বয়েজ ক্লাব, ফিশ ফ্রাই সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি ও ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পর্যটননির্ভর ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম এম মোশাররফ হোসেন বলেন, পর্যটন কেবল মানুষ, স্থান ও সংস্কৃতিকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে না; এটি মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কুয়াকাটায় পর্যটকদের অবস্থানকাল বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে একটি সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কুয়াকাটার উন্নয়নে সরকারও আন্তরিকভাবে কাজ করছে। একনেকে প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে কুয়াকাটার উপকূলীয় ভাঙন রোধের পাশাপাশি পর্যটন অবকাঠামোর উন্নয়ন সম্ভব হবে। এর মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পথ আরো সুগম হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন