Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৯:২৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৭:৩৫ অপরাহ্ণ

নাটোরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

“ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সুমনী আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ আসমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, শিক্ষাবিদ অলক কুমার মৈত্র সহ সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

এসময় বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন খাতকে আরও আধুনিক, সহজ ও আকর্ষণীয় করে তুলতে পারে।

নাটোরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা উত্তরা গণভবন , রানী ভবানী রাজপ্রাসাদ, চলনবিল , মিনি কক্সবাজার খ্যাত হালতি খোলাবাড়িয়া বিল সহ বিভিন্ন পর্যটন স্পটকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। একইসঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নাটোরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন