বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের দক্ষিণপাড়ায় অতিবৃষ্টিতে সড়কে সৃষ্টি হওয়া প্রায় তিন ফুট গভীর গর্ত নিজ অর্থায়নে মেরামত করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আলী পিন্টু। তাঁর এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের অতিবৃষ্টির কারণে ছাতিয়ানগ্রাম বাজার থেকে সান্তাহারগামী সড়কের ফিরোজ স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার একাংশে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। গর্তটি প্রায় তিন ফুট গভীর হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
বিষয়টি জানতে পেরে কোনো সরকারি বরাদ্দ বা অপেক্ষার দিকে না তাকিয়ে ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আলী পিন্টু নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের ব্যবস্থা করেন। দ্রুত মেরামত কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে ওই সড়কে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন স্থানীয়রা।
স্থানীয় পথচারীরা বলেন, গুরুত্বপূর্ণ সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় ধরে দুর্ভোগের আশঙ্কা ছিল। ফিরোজ আলী পিন্টু দ্রুত এগিয়ে এসে নিজের অর্থ ব্যয়ে গর্তটি মেরামত করায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তাঁর এ উদ্যোগকে তারা স্বাগত জানান এবং সাধুবাদ জানান।
খোঁজ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ফিরোজ আলী পিন্টুর সহযোগিতা রয়েছে। স্থানীয়দের প্রয়োজনের সময় তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেও জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সড়কটির স্থায়ী সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে অতিবৃষ্টিতে আবারও এমন গর্ত সৃষ্টি হয়ে জনদুর্ভোগ না হয়।
এ বিষয়ে ফিরোজ আলী পিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই রাস্তায় দিয়ে কয়েক জেলার গাড়ি চলাচল করে আমি জানতে পারি গত ৭ দিনে ধরে টমটম,পিক-আপ, ট্রাক-সহ কয়েকটি গাড়ি আটকিয়ে ছিল। এবং গাড়ি চলাচলে বিগ্ন ঘটেছিল ইউনিয়ন পরিষদ বা উপজেলা থেকেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি তাই জনস্বার্থে আমার এই প্রচেষ্টা, আদমদিঘী উপজেলায় এরকম যেকোনো জনদুর্ভোগের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।
আজকালের কন্ঠ/আর বি