Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ১:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ১১:২৮ পূর্বাহ্ণ

শিবচরের ভাঙ্গা-পাচ্চর এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

লেখকঃ মোঃখান ই আজম, শিবচর উপজেলা প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বি‌কেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এসে বাসটির চাকা বিকল হয়ে যায়। চালক বাসটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে রাখেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে বিকল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, “চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি সামনে থাকা বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন