পিরোজপুর শহরের কালিবাড়ী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জাহাঙ্গীর হোসেনের টেইলার্সের দোকান, ধীমান মিস্ত্রির চায়ের দোকান,মশিউর রহমানের সাইকেল ও পার্টসের দোকান, আবু জর মোল্লার হার্ডওয়্যারের দোকান, আলী আকবর আকনের সাইকেল ও প্লাস্টিকের দোকান এবং মো. মহসিন শেখের মুদি ও মনোহরির দোকান পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একে একে করে মুহূর্তের মধ্যে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দু’পাশে আরো কমপক্ষে ১৫ টি দোকান পুড়ে যেত। আমরা বড় ধরনের ক্ষতি থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে পেরেছি। এতে ছয়টি দোকান পুড়ে গেছে তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আজকালের কন্ঠ/আর বি