Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ৪:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ২:৫০ অপরাহ্ণ

গলাচিপায় মামলার সাক্ষীর পুকুর থেকে ২ মোটরসাইকেল উদ্ধার

লেখকঃ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাসবুনিয়া এলাকায় এক মামলার মূল সাক্ষীর বাড়ির সামনের ডোবা থেকে হারিয়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গলাচিপা উপজেলার বাদুরা বাজারে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের রেকর্ডীয় সম্পত্তির সামনের খাস জমিতে দলীয় কার্যালয় স্থাপন করতে যান। এ সময় জমিটির মালিকানা দাবি করে অন্য একটি পক্ষ এতে বাধা দিলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। নেতাকর্মীদের অভিযোগ, ওই ঘটনায় তাদের দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও কয়েকটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এই সংঘাতের জেরে পরবর্তীতে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

​ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাসবুনিয়া এলাকার আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উক্ত মামলার ২ নম্বর সাক্ষী মো. রাজিবুল মিয়ার বাড়ির সামনের ডোবায় কয়েকজন স্থানীয় যুবক মাছ ধরতে যান। এ সময় তারা পানির নিচে একটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ দেখতে পেয়ে গ্রাম পুলিশকে জানান। পরবর্তীতে গ্রাম পুলিশ ও রাজিবুল ইসলাম বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানালে পুলিশ এসে ডোবা থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

​এ বিষয়ে মামলার সাক্ষী রাজিবুল ইসলাম বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করা ও আইনি জটিলতায় ফাঁসানোর জন্য রাতের আঁধারে কোনো দুর্বৃত্ত দল আমার ডোবায় মোটরসাইকেল দুটি ফেলে রেখে গেছে।”

​উদ্ধার অভিযানের বিষয়ে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মিয় জানান, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করেছি। মোটরসাইকেল দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন