Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১০:৩৪ পূর্বাহ্ণ

দুমকিতে ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুমকি থানার এসআই (নিঃ) মো. রুবেল আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম সরোয়ার হাফিজিয়া মাদ্রাসা রোডের রাব্বির চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় ইয়াবা সেবনের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় হাসানকে আটক করা হয়।

আটকের পর তার হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হাসান দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম হাবিব ঘরামী।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবা নিজ হেফাজতে রাখার ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়।পরে বিজ্ঞ আদালত মো. হাসানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন