Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৭:২৬ অপরাহ্ণ

বিজয়নগরে এসআরবি-৯ এর অভিযান: মাদকসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্যসহ মোসাঃ শারমিন আক্তার (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআরবি-৯, সিপিএসসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেল ৩:৫০ মিনিটে আভিযানিক দলটি সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে শারমিন আক্তারকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯ বোতল বিদেশী মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শারমিন আক্তার (২৪) বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মোঃ মনির খানের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন