Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৫:২৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৪:৫২ অপরাহ্ণ

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত

লেখকঃ কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণিতশাস্ত্রের গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসাইনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণিত শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় করে রাখার লক্ষ্যে ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. আব্দুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসসহ গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে সেমিনারে গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন বলেন, “বর্তমান সময়ে গণিতের ক্ষেত্রটি শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, বৃহৎ তথ্য বিশ্লেষণ ও সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও গণিতের ভূমিকা রয়েছে। তাই গণিতের গবেষকদের এসব নতুন ক্ষেত্রের সঙ্গে নিজেদের জ্ঞান ও গবেষণাকে যুক্ত করতে হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে গাণিতিক মডেলিং ও গবেষণা জনসংখ্যা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায়িক ক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই গবেষকদের এমনভাবে গবেষণা করতে হবে, যাতে তাদের গবেষণা ও উদ্ভাবন সমাজ ও মানুষের কল্যাণে কাজে আসে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণিতকে কোনো বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখলে চলবে না। গাণিতিক কম্পিউটিং, প্রোগ্রামিং ও সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জনের মাধ্যমে বর্তমান যুগের অন্যান্য বিষয়ের সঙ্গে নিজেদের জ্ঞানকে যুক্ত করতে হবে। একই সঙ্গে গণিতকে ব্যবসা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশলসহ অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সমন্বয় করে গবেষণার পরিধি বাড়াতে হবে।

উপাচার্য এম এম শরিফুল করিম বলেন, “গণিতকে বিজ্ঞানের ভিত্তি বলা হয়। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে, গণিত ছাড়া আধুনিক প্রযুক্তির অনেক কিছুই সম্ভব হতো না। আমরা গণিতকে এড়িয়ে চলার চেষ্টা করলেও বাস্তবে দেখা যায়, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের গণিতকে ভয় না পেয়ে বিষয়টি বোঝার ও উপভোগ করার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে গণিতকে ঘিরে এক ধরনের ভয় ও পূর্বধারণা রয়েছে। বিশেষ করে মেয়েরা গণিতে ভালো নয়, এমন একটি ধারণা আমরা তৈরি করে রেখেছি। অথচ আজকের এই শ্রোতাদের দিকে তাকালে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই নারী শিক্ষার্থী। এটি প্রমাণ করে যে গণিত কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য সীমাবদ্ধ বিষয় নয়।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আজকের সেমিনারটি গণিত বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু একটি একাডেমিক অনুষ্ঠানে অংশ নিতে আজকে একত্রিত হইনি, অধ্যাপক ড. আনোয়ার হোসেনের জীবন ও কর্মকে স্মরণ করতেও একত্রিত হয়েছি। গণিত শিক্ষা ও গবেষণায় তাঁর যে অবদান, তা আমাদের জন্য সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই সেমিনারের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ গণিতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে হওয়ার সুযোগ পেয়েছি । আমি আশা করি, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আমরা নতুন কিছু ধারণা পাব যাব মাধ্যমে ভবিষ্যতে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে আরও ভালোভাবে কাজ করতে পারব। একই সঙ্গে এ ধরনের আয়োজন গণিতবিদদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন