চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন।
অভিযোগ করা হয়, দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুস দাবি করেন। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগের পর কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুদকের একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুস গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি