কুমিল্লা দেবিদ্বারে সাতজন প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচল সহজ করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাতজন প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনাজ উদ্দিন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। সহায়ক পরিবেশ তৈরি করা গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।
হুইলচেয়ার পাওয়ার পর উপকারভোগীদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা যায়। তারা জানান, চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হুইলচেয়ার পাওয়ায় দৈনন্দিন চলাফেরা সহজ হবে এবং প্রয়োজনীয় কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কিছুটা কমবে।
উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সহায়তা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
স্থানীয় শিক্ষক ও উপস্থিত ব্যক্তিরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ালে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন।
আজকালের কন্ঠ/আর বি