গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন। এর আগে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম নবনিযুক্ত উপ-উপাচার্যকে উষ্ণ অভ্যর্থনা জানান।
যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, “আমি পদ্মাপাড় তথা এই অঞ্চলের সন্তান। নিজ এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমানের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।
আজকালের কন্ঠ/আর বি