ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে, হযরত মাওলানা শাহসুফী শাহ আলম হক্কোননূরী (রহঃ) এর ৩৭তম বার্ষিক ফাতেহা শরীফ ও ইছালে সাওয়াব মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৩রা আশ্বিন ১৪৩৩ (পঞ্জিকা মোতাবেক), ২১ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার এশা বাদ হযরত মাওলানা শাহসুফী শাহ আলম হক্কোননূরী (রঃ) ৩৭ তম এই বার্ষিক ফাতেহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হক্কোননূর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত, আশেকান ও মুরিদান দরবার শরীফে সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ ও হযরত শাহ আলম হক্কোননূরী (রঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, হযরত শাহসুফী শাহ আলম হক্কোননূরী (রঃ) ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত অলী ও আধ্যাত্মিক সাধক। তিনি মানুষকে শরীয়ত, তরীকত, হাকীকত ও মারেফতের পথে আহবান করেছেন। তাঁর রচিত আধ্যাত্মিক গান ও কালাম আজও মানুষকে সত্যের পথে অনুপ্রাণিত করে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ গদ্দীনশীন পীর সাহেব বলেন, “আউলিয়ায়ে কেরামের পথই শান্তির পথ। হযরত হক্কোননূরী (রঃ) আমাদেরকে প্রেম, মানবতা ও আল্লাহর জিকিরের শিক্ষা দিয়ে গেছেন। তাঁর আদর্শ ধারণ করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আগত সকল ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি