Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৭:৫৫ অপরাহ্ণ

ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা, শিক্ষকদের পাঠদানে অবহেলা এবং সরকারি স্কুল ফিডিংয়ের খাবার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ৬৩ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। তবে ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র ৭ জন শিক্ষার্থী। এর আগের দিন ২০ সেপ্টেম্বরও মাত্র ৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি অভিভাবকদের গালাগাল ও অপমান-অপদস্থ করার অভিযোগও করেছেন তারা। তাদের দাবি, এসব কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে অন্যত্র ভর্তি হচ্ছে। এ অবস্থায় তারা ওই শিক্ষকের প্রত্যাহার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষক পরিচিতি বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিহার রঞ্জন হালদার, সহকারী শিক্ষিকা বিজলী রানী এবং সহকারী শিক্ষিকা মোছা. ইসরাত জাহান।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং অনেকেই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।
এদিকে, বিদ্যালয়ে সরকারের দেওয়া দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচিতেও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও খাবার বিতরণ ও ব্যবস্থাপনায় যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা শুশান্ত কুমার মিস্ত্রি বলেন, তার বাবা বিদ্যালয়ের জন্য জমি দিয়েছেন। কিন্তু সহকারী শিক্ষক নাছির উদ্দিন তাকে অপমান-অপদস্থ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, এ কারণে নিজের ছেলেকে অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক নাছির উদ্দিন। তিনি বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং নানা ধরনের অভিযোগ তুলছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয় বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন হালদার স্কুল ফিডিংয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়টি সড়ক থেকে দূরে এবং রাস্তার অবস্থাও ভালো নয়। এ কারণে কোনো কোনো দিন খাবার রেখে পরবর্তী দিনে সমন্বয় করা হয়। তবে সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল বলেন, অভিযোগের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো লিখিত বক্তব্য পাননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। এছাড়া বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে একটি পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি সঠিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন