দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও কার্যক্রমে চরম অনিয়মের চিত্র উঠে এসেছে। বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থীর উপস্থিতি বেশি দেখানো হলেও বাস্তবে শ্রেণিকক্ষে উপস্থিত থাকে মাত্র কয়েকজন শিক্ষার্থী।
সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, প্রাক-প্রাথমিক শ্রেণীতে মাত্র ৬ জন, প্রথম শ্রেণীতে ৪ জন এবং দ্বিতীয় শ্রেণীতে মাত্র ৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত রয়েছে। এমনকি এর আগের দিনও দ্বিতীয় শ্রেণীতে বাস্তবে মাত্র ৩ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও হাজিরা খাতায় ৬ জনের উপস্থিতি দেখানো হয়েছিল। দীর্ঘদিন ধরে এভাবে ভুয়া উপস্থিতি দেখিয়ে হাজিরা খাতা ভারী করা হলেও বিদ্যালয়টিতে শিক্ষকদের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর হোম ভিজিট বা নিয়মিত তদারকি করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিউদ্দিন বাবু দাবি করেন, আমরা নিয়মিত হোম ভিজিট করি। তবে এলাকার একটি রয়েল স্টার স্কুল চালু হওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।
অন্যদিকে, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবীর তালুকদার বলেন, এই ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি