পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং বাউফল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত।প্রশিক্ষণ কর্মশালায় বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। স্থানীয় সরকার ব্যবস্থায় গ্রাম পুলিশের দায়িত্ব, কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার এবং এনআইএলজির কর্মকর্তা আব্দুল জালিল মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করা গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি