ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নজরুল ইসলাম (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত ও দগ্ধ হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকার মারবাড়ি-শিমুলতলা সংলগ্ন একটি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর থানার আবুডাঙ্গা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেঁয়াজ, রসুন ও আদার খুচরা ব্যবসা করতেন।
এ ঘটনায় আহত তিনজন হলেন- একটি কাভার্ডভ্যানের চালক নূর আলম (৪০), তার বাড়ি খুলনায়; ভ্যানগাড়িতে কাঁচামাল বিক্রেতা মোখলেস মিয়া (৪৫), তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে; এবং মোখলেস মিয়ার ছেলে ও ব্যবসায়িক সহযোগী সুজন মিয়া (১৮)।
নিহত নজরুল ইসলামের একমাত্র সন্তান মো. সামিউল জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের পর বাসার জানালা দিয়ে ধোঁয়া দেখতে পায় সে। এ সময় বাইরে মানুষের চিৎকার-চেঁচামেচি ও ছোটাছুটির শব্দ শুনতে পেয়ে দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তার বাবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয় এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারে, তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বজনরা জানান, বিস্ফোরণের পর পাশের ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ সময় ফ্যাক্টরি থেকে ছিটকে আসা ভারী একটি অংশ নজরুল ইসলামের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান। আহত অপর তিনজনের চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি