বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে পারিবারিক কলহের জেরে ১৮ মাস বয়সী শিশুসন্তানকে কীটনাশক খাইয়ে নিজে বিষপান করেছেন মনোয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুগ্ধপোষ্য শিশু ইব্রাহিম হোসেন। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা মনোয়ারা খাতুন।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু ইব্রাহিম। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. আলমগীর হোসেনের (৫০) মূল বাড়ি সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে বালুইগাছা গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছে। রবিবার সকালে বিদ্যুৎ বিল পরিশোধের টাকা নিয়ে স্বামী আলমগীরের সঙ্গে মনোয়ারা খাতুনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমগীর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান।
স্বামী চলে যাওয়ার পর ক্ষোভ ও হতাশায় মনোয়ারা খাতুন বাড়িতে থাকা বিষাক্ত কীটনাশক নিজে পান করেন এবং নিজ সন্তান ইব্রাহিমকেও খাইয়ে দেন। কিছুক্ষণ পর উভয়ের অবস্থার অবনতি হলে স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেন এবং শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে স্বজনেরা শিশু ইব্রাহিমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। এদিকে মা মনোয়ারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত শিশুর সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি