Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৩ অপরাহ্ণ

৩ দফা দাবি বাস্তবায়নে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

লেখকঃ বাকৃবি প্রতিনিধি

ভেটেরিনারি পেশার যথাযথ মর্যাদা ও পেশাগত অধিকার সংরক্ষণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে একই সময়ে শান্তিপূর্ণ মানববন্ধনের অংশ হিসেবে বাকৃবিতেও এ কর্মসূচি করা হয়। এতে ভেটেরিনারি অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পেশাগত স্বকীয়তা ও ক্যাডার কাঠামোর মর্যাদা রক্ষায় নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্বের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধিতা নয়, বরং ভেটেরিনারি পেশার মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করাই তাদের দাবির মূল উদ্দেশ্য।

শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘আমরা চাই সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিক। আমরা মনে করি, আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার যেসব সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে ডিপ্লোমাধারীদের বিষয়ে দ্রুত সমাধান না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী তানভীন ইসলাম লাবণ্য বলেন, ‘ভেটেরিনারিয়ানরা হেলথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে সহকারী হেলথ অফিসার পদে কীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে? সেটি আমাদের প্রশ্ন। আমরা দীর্ঘ সময় পড়াশোনা করে যদি শেষ পর্যন্ত ডিপ্লোমাধারীদের অধীনে কাজ করি, তাহলে সেটি আমাদের পেশাগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি বলেন, ‘ইন্টার বা সমমানের পড়াশোনা শেষে ডিপ্লোমা করে ১০ম গ্রেড থেকে শুরু করে ধাপে ধাপে ৫ম গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। অথচ ভেটেরিনারিয়ানরা ৯ম বা ১০ম গ্রেডে নিয়োগ পাওয়ার পরও যদি ডিপ্লোমাধারীদের নির্দেশনায় কাজ করেন, তাহলে এটি পেশাগত কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।’

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন বিভিএসডব্লিউএর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়াম। দাবিগুলো হলো—

১. প্রতিটি উপজেলায় চারটি ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ কার্যকর করতে হবে।

২. সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।

৩. ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না।

বুরহান উদ্দিন সিয়াম বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদ সৃষ্টির পর আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ডিপ্লোমাধারীদের এই পদে নিয়োগ দেওয়া হলে তারা কার অধীনে এবং কীভাবে কাজ করবেন, সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি আরোও বলেন, ‘বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত নিবন্ধিত ভেটেরিনারিয়ানরাই নিতে পারেন। প্যারাভেটরা তাদের অধীনে থেকে প্রাথমিক চিকিৎসা, টিকাদান বা কৃত্রিম প্রজননের মতো কাজ সম্পাদন করবেন। তাই উপজেলা পর্যায়ে সরাসরি ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার না থাকা অবস্থায় ডিপ্লোমাধারীদের এমন দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়া হলে তা ভেটেরিনারি পেশা, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের জন্য উদ্বেগের কারণ হতে পারে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন