Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৪ অপরাহ্ণ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

লেখকঃ নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী)

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), তার পিতার নাম রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা-মেয়ে। চারজনেরই বাড়ি গলাচিপা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতে পটুয়াখালী শহর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গলাচিপার হরিদেবপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন