Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:১৬ অপরাহ্ণ

সড়ক ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দশ গড়িয়াগো সমাজের প্রধান সড়ক ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে একটি বাঁশের সাঁকো দিয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর জোয়ারের পানির প্রবল ধাক্কায় সড়কটির একটি অংশ ভেঙে বিলীন হয়ে যায়। এতে প্রতিদিন এ পথে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো পার হয়েই প্রতিদিন মাহে আলম মিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থীকে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি হাজারো মানুষ এই পথ দিয়ে চর লরেন্স বাজারে যাতায়াত করেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

এ অবস্থায় ভাঙা সড়কে দ্রুত একটি স্থায়ী ব্রিজ বা কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে টেকসই অবকাঠামো নির্মাণ করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, তাঁরা সরেজমিনে বিষয়টি পরিদর্শন করবেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ আনা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

‎আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন