Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৩৩ অপরাহ্ণ

বইয়ের আলোয় আলোকিত হোক দাউদপুর বেলবাড়ি

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ

একটি স্মার্ট, শিক্ষিত ও আদর্শ গ্রাম গড়ার প্রত্যয় নিয়ে নওগাঁর দাউদপুর বেলবাড়িতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গল্প বলা ও বইপড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দাউদপুর বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের মোট ৪৫ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিশুদের প্রাণবন্ত উপস্থাপনা, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা ও প্রতিভায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে উৎসাহিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে শিশুদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা ও নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুদের বইমুখী করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং জ্ঞানভিত্তিক একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। দাউদপুর বেলবাড়ির প্রতিটি শিশুর হাতে বই, মুখে হাসি এবং মনে সুন্দর স্বপ্ন- এটাই তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদপুর বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হারুণুর রশীদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল, সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টু, সাধারণ সদস্য মোঃ সনি মোল্লা, ইউপি সদস্য শাখাদুল ইসলাম এবং দাউদপুর বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস কাজী। এছাড়াও পাঠাগারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, আজকের মেধাবী, সৃজনশীল ও সাহসী শিশুরাই আগামী দিনের সুন্দর সমাজের ভবিষ্যৎ। তাদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশ অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমন একটি সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিয়েছেন এবং পাঠাগারের কার্যক্রমকে এগিয়ে নিতে পাশে থেকেছেন- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

‘শিক্ষিত শিশু, আলোকিত সমাজ- স্মার্ট ও মডেল দাউদপুর বেলবাড়ি গড়ার প্রত্যয়’ এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও পাঠাগারের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‎আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন