Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ , ১১:৪৯ পূর্বাহ্ণ

দুমকিতে রাতের আঁধারে গাড়িচালককে কুপিয়ে জখম

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে মো. আরিফ হোসেন (২৮) নামের এক গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালী ৩ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আকন বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেবুখালী প্রাইভেট হসপিটালে নিয়ে যান।

স্বজন ও স্থানীয়দের দাবি, আরিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন