Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ

দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরির অভিযোগে যুবক আটক

লেখকঃ এস এম তানবীর, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আজিজুল ব্যাপারি (৩৫) নামে এক যুবক আটক হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ সময় সিয়াম নামে আরও এক যুবক পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার রাতে আজিজুল ও সিয়াম নামের দুই যুবক গ্রামের একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে আজিজুলকে আটক করতে সক্ষম হলেও সিয়াম পালিয়ে যান।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকায় পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই গ্রামের বাসিন্দারা সতর্ক ছিলেন।

স্থানীয়দের দাবি, আটকের পর আজিজুল জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত। দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন এবং সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন। তবে এসব তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, “এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামে একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রিন্ট করুন