পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাউফল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় ইসলামিক সংগীত, গজল, হামদ ও নাত, নজরুলসংগীত, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলার মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত ৫০জন শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি