Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬ , ৫:৪১ অপরাহ্ণ

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে চান ডা. জিয়াউদ্দিন হায়দার

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠি শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি ধানসিঁড়ি ইকো ভিলেজকে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের জন্য আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সবুজায়ন ও নারিকেল উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজ পরিদর্শন শেষে নারিকেল চারা রোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে ডা. জিয়াউদ্দিন হায়দার ইকো ভিলেজের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে সেখানে ২০০টি নারিকেল চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং ঝালকাঠি পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘পরিকল্পিতভাবে নারিকেল চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যতে নারিকেল উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘ঝালকাঠি শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। ধানসিঁড়ি ইকো ভিলেজে শিশু, বৃদ্ধসহ সবার জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করতে চাই।’

বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগের বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করা হবে।

কর্মসূচিতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন