পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এবং কক্সবাজার জেলা রোভারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজার সমুদ্রসৈকতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ শামিম আরা লুনা।
পরিচ্ছন্নতা অভিযানে ইডেন মহিলা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। একই সঙ্গে সৈকত পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ইডেন মহিলা কলেজের সকল আরএসএল, কক্সবাজার জেলা রোভারের সম্পাদক, ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য এবং কক্সবাজার জেলা রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
আজকালের কন্ঠ/আর বি