নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ভর্তি হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে এই আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-নোমান, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ, নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার এবং নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দক্ষতায় বিকশিত করার দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনার সময়ে মনোযোগ দিয়ে পড়তে হবে, খেলাধুলার সময় খেলাধুলা এবং নামাজের সময় নামাজ পড়বে। বিশ্ববিদ্যালয় জীবনে বহু মানুষের সাথে পরিচয় ও আড্ডা হবে, কিন্তু জ্ঞান অর্জনের মূল লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না।” তিনি প্রত্যেককে সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে, কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা নিয়ে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মূল দায়িত্ব পড়াশোনার পাশাপাশি সুস্থধারার রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সব ধরনের অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি নোবিপ্রবির নতুন ক্যাম্পাসের জন্য সুবর্ণচরে ১০০ একর জমি বরাদ্দের বিষয়েও কথা বলেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নবীন শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, “তোমরা অনেক স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে এসেছ; সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে। নীতি-নৈতিকতা বজায় রেখে চলতে হবে, যাতে তোমাদের অর্জনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।” তিনি আরও জানান, দ্রুত একাডেমিক ভবন-৩ এর কাজ সম্পন্ন করা, পরিবহন সংকট নিরসনে নতুন ২টি বাস সংযোজন, সালাম হলের সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগ, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, অনার্সেও গবেষণা অনুদান প্রদান, আবাসন সংকট দূরীকরণে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ এবং সমগ্র ক্যাম্পাসকে দ্রুতগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।