Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ , ৪:৪১ অপরাহ্ণ

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় নতুন গতি, ৮ বক্স ভ্যান ও ৩০ ডাস্টবিন দিল ওয়ার্ল্ড ভিশন

লেখকঃ জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি

নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের জন্য অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় মোট ৮টি অপারেশন বক্স ভ্যান ও ৩০টি বর্জ্য ফেলার বিন সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ওয়ার্ল্ড ভিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বক্তব্যে তিনি নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে সরকারি-বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান।

ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম অফিসারসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যরা।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, ওয়ার্ল্ড ভিশনের দেওয়া আধুনিক পরিচ্ছন্নতা উপকরণ ও বর্জ্য পরিবহনের বক্স ভ্যানগুলো নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহ ও পরিবহন কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন