সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নির্মাণাধীন পোল্ট্রি খামার বন্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণকে মাদকাসক্তদের আড্ডামুক্ত করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার, কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কলারোয়া উপজেলার ৪১ নং কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরসংলগ্ন জমিতে কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল বড় আকারের একটি পোল্ট্রি খামার নির্মাণের উদ্যোগ নিয়েছেন। খামারটি নির্মিত হলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হতে পারে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বিদ্যালয় ছুটির পর প্রাঙ্গণটি মাদকাসক্ত ব্যক্তিদের আড্ডাস্থলে পরিণত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাঁদের কারণে বিদ্যালয়ের ফুলের বাগান নষ্ট, গেটের তালা ও দরজা ভাঙা, পতাকাদণ্ড ক্ষতিগ্রস্ত, খেলাধুলার সরঞ্জাম নষ্ট এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের সম্পদ রক্ষা এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯ সেপ্টেম্বরের সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলা প্রশাসকের কাছে বিষয়টি পাঠানো হয়। চিঠিতে কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নির্মাণাধীন পোল্ট্রি খামারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয় প্রাঙ্গণকে মাদকাসক্তদের আড্ডামুক্ত করে শিক্ষার নির্মল পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি