উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একজন শিক্ষার্থীর স্বভাবতই স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কঠোর পরিশ্রমের পর অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে পরিবারের মায়া ত্যাগ করে একজন শিক্ষার্থীকে অনেক দূরে পাড়ি দিতে হয়। যেমন, অনেক শিক্ষার্থীর বাসা উত্তরবঙ্গে হলেও দক্ষিণবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে দক্ষিণবঙ্গে চলে আসতে হয়। আবার দক্ষিণবঙ্গের শিক্ষার্থীদের যেতে হয় উত্তরবঙ্গে।
এমন অবস্থায় শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের জেলা/বিভাগীয় অ্যাসোসিয়েশনগুলো। যেখানে শিক্ষার্থীরা খুঁজে পায় নিরাপদ এক আশ্রয়স্থল। তেমনই এক আশ্রয়স্থল হলো রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিভাগের আটটি জেলা (রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) নিয়ে গঠিত রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি। জেলা ভিন্ন হলেও অ্যাসোসিয়েশনের সবাই যেন একই পরিবারের মতো। যখন কেউ পরিচয় দেয়, ‘আমার বাসা রাজশাহী বিভাগে’, তখন তাকে কেন যেন খুবই কাছের বলে মনে হয়। একজন শিক্ষার্থী যেন খুঁজে পায় এক ভরসার আশ্রয়স্থল।
অ্যাসোসিয়েশনগুলো পিকনিক, নৌকা ভ্রমণ, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন করে থাকে। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এসব আয়োজন।
গতকাল (শুক্রবার) ঠিক তেমনই এক পিকনিক অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের উদ্যোগে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই মনোমুগ্ধকর পিকনিক। কেউ ব্যস্ত ছিল রান্নার কাজে, আবার কেউ মজে ছিল খোশগল্পে কিংবা গানের আসরে। সব মিলিয়ে সকলের সম্মিলিত অংশগ্রহণে আনন্দের সঙ্গে শেষ হয় উক্ত পিকনিক।
আজকালের কন্ঠ/আর বি