নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতো। পরে কৌশলে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুক আইডির নিয়ন্ত্রণ নিতো। এরপর প্রবাসী বন্ধু বা স্বজন সেজে ওই ব্যক্তির স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করা হতো।
প্রতারণার সময় বলা হতো—‘আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। এক লাখ ২০ হাজার টাকা দিয়ে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে হবে।’ এভাবেই প্রবাসীদের পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতো চক্রটি।
বৃহস্পতিবার বিকেলে লালপুর থানার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি টিনশেড ঘর থেকে মোঃ কাউসার আলী, মোঃ সোহাগ আলী ও মোঃ ইমন আলীকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক তিনজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন।
আটক তিনজনকে আজ শুক্রবার বিশেষ আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।