Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ , ১০:০২ পূর্বাহ্ণ

ববি ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তের তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব, ইমরান মাহমুদ, ছাত্রদল নেতা আরাফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সুস্থ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, “নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। তাদের যেকোনো প্রয়োজনে এবং সার্বিক বিষয়ে ববি শাখা ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তাদের মঙ্গল ও সফলতা কামনা করেন।

এছাড়া উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফুটবল পেয়ে ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, “খেলাধুলার জন্য নতুন একটি বল পেয়ে আমরা অনেক আনন্দিত। এটি আমাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করবে।”

প্রিন্ট করুন