Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ , ৭:৪৪ অপরাহ্ণ

ছাত্রদল নেতা তামাসুলের উদ্যোগে জবিতে ‘ফ্রি টিউশন মিডিয়া’র আনুষ্ঠানিক যাত্রা

লেখকঃ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের টিউশন-সংক্রান্ত সমস্যা সমাধান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যে ‘জবি ফ্রি টিউশন মিডিয়া’ নামে একটি প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা তামাসুল ইসলাম সোহান।

সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তামাসুল ইসলাম সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নানা দিক থেকে অবহেলিত। তাঁদের থাকার জন্য পর্যাপ্ত হল নেই, রয়েছে খাবার ও জায়গার সংকট। এর মধ্যেও অনেক শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানোর অন্যতম অবলম্বন টিউশন।

তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের এই নির্ভরতার জায়গাটিকে কেন্দ্র করে একটি শ্রেণি টিউশন নিয়ে বাণিজ্য করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

টিউশন নিয়ে দালালি ও বাণিজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সেই সব দালালদের রুখে দিতে চাই সকলকে সঙ্গে নিয়ে। আমি চাই আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার পাশে দাঁড়াক। তারা নিজেদের ভাই-বোনদের সমস্যা সমাধানে এগিয়ে আসুক। সকলে সকলের মধ্যে ঐক্য গড়ে তুলুক।’

তামাসুল বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে চাই। আমি চাই, আমার পক্ষ থেকে অন্তত প্রত্যেক শিক্ষার্থী যেন একটা হলেও উপকার পায়। তাদের জীবনে যেন আমার একটি হলেও অবদান থাকে।’

উদ্যোগটি সফল করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তামাসুল ইসলাম সোহান। তাঁর প্রত্যাশা, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে ‘জবি ফ্রি টিউশন মিডিয়া’ সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন