Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ , ১:২৪ অপরাহ্ণ

রায়পুরে আগুনের লেলিহান শিখায় পুড়ল ১১ বসতঘর, গণপিটুনির শিকার অভিযুক্ত

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন দেওয়ার অভিযোগ ওঠা সোহেল হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেল হোসেন মাদকাসক্ত বলে স্থানীয়দের অভিযোগ। মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৪টার দিকে পারিবারিক বিরোধের জেরে নিজের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়রা সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে আগুন চারদিকে ছড়িয়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন