Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ , ১১:৩৫ পূর্বাহ্ণ

পাতাবুনিয়ায় আগুনে পুড়ল দুই দোকান, বিদ্যুৎ বিভাগে গাফিলতির অভিযোগ

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করলেও দীর্ঘ সময় পর্যন্ত সাড়া মেলেনি। তাদের দাবি, প্রায় ১০ বার ফোন করার পর ২০-২৫ মিনিট পরে কল রিসিভ করা হয় এবং এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো সম্ভব হতো বলে অভিযোগ তাদের।

অগ্নিকাণ্ডে রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খানের প্রায় ৫ লাখ টাকার এবং সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসানের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। একই সঙ্গে আগুন লাগার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এ বিষয়ে দুমকি পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম প্রকৌশলী মেহেদী হাসান বলেন, “বিদ্যুৎকর্মীদের গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন