পটুয়ালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে গভীর রাতে বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, বেড়া ও গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মো. আরিফ খান (৩২) দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রাত ১০টা থেকে ৩ আগস্ট সকাল সাড়ে ৭টার মধ্যে কয়েক দফায় অজ্ঞাত ব্যক্তিরা আরিফ খানের বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দরজা-জানালায় লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির সামনের জালের বেড়া, কলাগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। পরদিন রাতেও দুটি জাম্বুরা গাছের ফল ও ডালপালা কেটে আরও প্রায় এক হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরিফ খান বলেন, দীর্ঘদিন ধরে রাতের বেলায় তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি