Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৬ , ৩:১৯ অপরাহ্ণ

গোবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আরডিএর মতবিনিময় সভা

লেখকঃ মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও মৎস্যভিত্তিক জীবিকার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই গ্রামীণ উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গবেষণা, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম, পল্লী উন্নয়নমূলক উদ্যোগ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। পরে শিক্ষার্থীরা একাডেমির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা পল্লী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

সভায় বক্তারা বলেন, একাডেমিক জ্ঞান ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও পল্লী উন্নয়ন একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ, মাঠপর্যায়ের গবেষণা এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা বলেন, “পল্লী উন্নয়ন একাডেমির মতো একটি প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলবে এবং ভবিষ্যতে পল্লী উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।”

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, “পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে পল্লী উন্নয়ন ও গবেষণার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার এই সমন্বয় আমাদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমানসহ পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন অনুষদের কর্মকর্তা এবং গোবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীরা পল্লী উন্নয়ন, গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন