Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১, ২০২৬ , ৪:২৯ অপরাহ্ণ

শিবচরে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, যুবলীগ নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

লেখকঃ খান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার সংলগ্ন এলাকায় জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার ঘটনাটি নিয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

​স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৃত করিম মাদবরের দুই কন্যা ভিন্ন ভিন্ন পাঁচটি দাগে মোট ১২ শতক জমি মিলন মাদবর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। তবে ক্রেতা মিলন মাদবর নিয়ম মেনে আলাদা দাগে জমি না নিয়ে, একটি নির্দিষ্ট দাগেই পুরো ১২ শতক জমি জোরপূর্বক ভোগদখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন করিম মাদবরের অন্যান্য ওয়ারিশরা।

​অভিযোগ উঠেছে, গত ২৮ আগস্ট (শুক্রবার) সকাল ৭টার দিকে বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মোল্লা ও যুবলীগ সদস্য সাইদ সিপাই সীমানায় পুতে রাখা বাঁশের খুঁটি তুলে ফেলেন। বিষয়টি জানতে পেরে করিম মাদবরের সন্তানরা বাধা দিতে গেলে তাদের গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।

​মৃত করিম মাদবরের ওয়ারিশদের দাবি, বিক্রয়কৃত জমি ভিন্ন ভিন্ন দাগের অন্তর্ভুক্ত। তাই ক্রেতা কোনো একক দাগে সম্পূর্ণ ১২ শতক জমি একচ্ছত্র দখলে নিতে পারেন না। তারা সঠিক দাগ অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আইনানুগ বিচার দাবি করছেন।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্রেতা মিলন মাদবর বলেন, “আমি ভিন্ন ভিন্ন দাগেই জমি কিনেছি সত্য, তবে বিক্রেতারাই আমাকে একটি নির্দিষ্ট দাগে জমি ভোগদখলের কথা বলেছিলেন।”

​ঘটনার বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা কাওসার মোল্লা ও সাইদ সিপাইয়ের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

​বর্তমানে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিরোধপূর্ণ জমির সঠিক সমাধান পেতে ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন