বেকারত্ব কমিয়ে তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে এ কার্যক্রমের আওতায় ৫০ জন প্রশিক্ষণ নিয়েছেন। নতুন করে ২৫০ জন যুক্ত হওয়ায় এ উদ্যোগে প্রশিক্ষণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণ শেষে বাস্তবে আয় করার সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণার্থী তিন্নি আক্তার বলেন, প্রশিক্ষণ নিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় মার্কেট থেকে বিভিন্ন কাজ করে ৭ হাজার ১৬৬ টাকা আয় করেছেন। এ প্রশিক্ষণ তাঁর আত্মবিশ্বাসও বাড়িয়েছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ দিন দিন বাড়ছে। তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়া গেলে তারা চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবেন। রায়পুর উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষণ শেষে তরুণরা যেন বাস্তবে কাজ করে আয় করতে পারেন—সেটিই তাঁদের মূল লক্ষ্য। রায়পুরের তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করে স্থানীয় ও বৈশ্বিক কর্মবাজারের সঙ্গে যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি